॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের গবছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিন-বীন-আখন্দ ক্ষতিগ্রস্তদের মাঝে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তাৎক্ষণিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়।
গবছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে, তাৎক্ষণিক সহায়তা হিসেবে ২৫ প্যাকেট শুকনো খাবার ও ৪০টি কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় পরবর্তী সহায়তার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়রা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দীর্ঘমেয়াদি সহায়তার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দূর্গম দুমদুম্যা ইউনিয়নের গবছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এতে অন্তত ৪০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাজারের এক চায়ের দোকান থেকে আগুনের শুরু হয়ে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকান ও ঘরে ছড়িয়ে পড়ে।
