॥ নিজস্ব প্রতিবেদক ॥
‘পর্যটনে তারুণ্যের উৎসব’ উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে রাঙ্গামাটিতে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা এবং ঝুলন্ত সেতু এলাকায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী) সকালে ৪০ তরুণ-তরুণী এতে অংশ নেন এবং পর্যটন এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতায় অংশগ্রহন করেন।
ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উপ-পরিচালক (বিপণন ও আন্তর্জাতিক সম্পর্ক) মহিবুল ইসলাম।
আয়োজকরা জানায়, পর্যটনে তারুণ্যের উৎসব আয়োজনের মাধ্যমে জেলার পর্যটন উন্নয়ন ও প্রচারে পর্যটন বিষয়ক ইনোভেটিভ আইডিয়া হান্টিং কার্যক্রম, জেলা ভিত্তিক পর্যটন আকর্ষণের ছবি ও ভিডিও সংগ্রহের জন্য ফটো ও ভিডিও প্রতিযোগিতা আয়োজন, পর্যটন প্রচার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা আয়োজন এবং পর্যটন গন্তব্যভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন আয়োজন অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, ট্যুরিজম লুডু প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী পাঁচজন’কে পরবর্তীতে জেলায় তারুণ্যের উৎসব আয়োজনের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
