জুরাছড়িতে মা সমাবেশ ও চুড়ান্ত ফলাফল প্রকাশ

71

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গমাটির জুরাছড়ি উপজেলার পানছড়ি ভূবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষার্থীদের বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয়ের হল কক্ষে আয়োজিত মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক রিতা চাকমা। এ সময় সহকারি শিক্ষকগণ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নের ফলাফল আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। এতে অভিভাবকদের মধ্যে সন্তোষ ও উৎসাহ দেখা যায়।
স্বাগত বক্তব্যে সিনিয়র সহকারী শিক্ষক রিতা চাকমা শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে পারিবারিক সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিদ্যালয়ের পাশাপাশি পরিবার থেকেও শিক্ষার্থীদের প্রতি নিয়মিত নজরদারি ও উৎসাহ প্রদান জরুরি।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষকদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতার কথা তুলে ধরেন। তিনি শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক-অভিভাবক সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মা সমাবেশে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।