পাহাড়ে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে-ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ

46

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং পাহাড়ি-বাঙ্গালী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থেকে শান্তি ও সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় মারিশ্যা জোন (২৭বিজিবি) এর আয়োজনে মারিশ্যা জোন সদরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কর্তৃক বেসামরিক প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মারিশ্যা জোনের জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন) অধিনায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ, স্থানীয় জনপ্রতিনিধি, বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিগন।
রিজিয়ন কামান্ডার বলেন, এই অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থেই আমরা কাজ করে যাচ্ছি। অবৈধ কার্যক্রম, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা বিভ্রান্তিমূলক অপপ্রচারণায় বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নিরাপত্তা বাহিনী সবসময় বেসামরিক প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও মানবিক সহায়তার মাধ্যমে এই অঞ্চলের জীবনমান উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।