রাঙ্গামাটিতে জেলা পুলিশের চেষ্টায় ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার

76

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় গ্রাহকদের ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এ সময় পুলিশ সুপার বলেন, এখানকার মানুষের অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়েছে।
সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, স্কুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি এ পর্যন্ত ৫৫৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১১ লক্ষ টাকা।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, সহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।