॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলা সদর বরইছড়িতে অবস্থিত কর্ণফুরী স্টেডিয়াম সংলগ্ন লাভ পয়েন্টে প্রতি মাসে নিয়মিত বিভিন্ন ফিল্মের শ্যুটিং হয়। শর্ট ফিল্ম, টেলিভিশন নাটক, নৃত্য ও বিভিন্ন গানসহ সব ধরণের শ্যুটিং হয় এই লাভ পয়েন্টে নিয়মিত হয়।
কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এবং বিটিভি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী ঝুলন দত্ত বলেন, এই লাভ পয়েন্টটি এমন একটি জায়গায় অবস্থিত যে এর সৌন্দ্যর্য সবাইকে মুগ্ধ করে। লাভ পয়েন্টের সামনে বিশাল খোলা মাঠ, পেছনে প্রবাহমান কর্ণফুলী নদী এবং নীল আকাশের নিচে অদুরে সবুজ বনবানাণীতে ঘেরা পাহাড়ের মনোরম দৃশ্য সবাইকে আকৃষ্ট করে। ঝুলন দত্ত বলেন, প্রতিমাসে এখানে বিভিন্ন ধরণের নাটকের শ্যুটিং হয়। কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীরও অনেক অনুষ্ঠান হয় এই লাভ পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একাধিক শিল্পী বলেন, বাংলাদেশে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে প্রায় সবার চ্যানেলে এই লাভ পয়েন্টের গানের শ্যুটিং অথবা নাটকের শ্যুটিং অনুষ্ঠিত হয়েছে। এই জায়গাটি শিল্পী এবং দর্শকদেরও অনেক ভালো লাগে।
রাঙ্গুনিয়া উপজেলা থেকে আগত মোঃ ইকবাল বলেন, আমরা প্রায় সময় এই লাভ পয়েন্টে ঘুরতে আসি। অনেকে এই স্থানে বসে পিকনিক করেন। এই লাভ পয়েন্টের পাশেই আছে কর্ণফুলী ডিগ্রি কলেজের সবুজে ঘেরা বাগান। অতি বৃষ্টি, শীত বা গরম কোন সময়েই এর আকর্ষন বিলীন হয়না। সারাক্ষণই ঝিরঝির বাতাস অনুভূত হওয়ায় এই লাভ পয়েন্ট সবাইকে বারবার আকর্ষন করে। সবমিলিয়ে এই জায়গাটি এক কথায় অনন্য।
কাপ্তাই উপজেলা স্কাউটসের কমিশনার মাহবুব হাসান বলেন, এই লাভ পয়েন্টটি নির্মাণ করেছিলেন কাপ্তাই উপজেলার প্রাক্তন ইউএনও মুনতাসির জাহান। বিনোদনের জন্য তিনি এমন একটি জায়গা নির্বাচন করেছেন যার তুলনা হয়না। মুনতাসির জাহান কাপ্তাই নতুন বাজার সংলগ্ন জায়গায় ‘আই লাভ কাপ্তাই’ নির্মাণ করেছিলেন। প্রতিদিন কাপ্তাই ভ্রমণে আসা শতশত পর্যটক ‘আই লাভ কাপ্তাই’ এর সামনে দাঁড়িয়ে একবার ছবি তোলেননি এমনটি কখনো দেখা যায়নি।
