॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলার বগাছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফের পোস্ট কমান্ডার ও সহযোগীকে আটক করতে সক্ষম হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে সকল চলাচলরত যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।
পরবর্তীতে একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে আসতে দেখা গেলেও উক্ত মোটরসাইকেলের আরোহীরা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি প্রায় ১৫০ মিটার দূরে থামিয়ে মোটরসাইকেলটি ঘুরে পালানোর চেষ্টা করে। সাথে সাথেই সেনাবাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে গিয়ে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবির সাথে মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, আটককৃতরা হলেন, ইউপিডিএফের পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা।
পরবর্তীতে ইউপিডিএফ সদস্যদের তল্লাশির সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল ও ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড অ্যামুনিশন, ১টি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন ও ২টি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে সেনা অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এই অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।