॥ কাপ্তাই প্রতিনিধি ॥
“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন শাখার আয়োজনে গণসংযোগ ও মতবিনিময় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাইখালী বাজার এই গণসংযোগ শুরু হয়ে নারানগিরি এলাকা হয়ে রাইখালী ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা থানা জামায়াতের আমির লোকমান হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন শাখা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামি’র আমীর অধ্যাপক আবদুল আলীম।
এ সময় তিনি বলেন, দায়িত্বশীল, চরিত্রবান ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে শোষনহীন সমাজ ও রাষ্ট্র গঠন করে জনসাধারণের সামগ্রিক কল্যাণ সাধন করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ২৯৯ আসনের জামায়াতের এমপি প্রার্থী এ্যাডভোকেট মোক্তার আহম্মদ। এ সময় তিনি বলেন, মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তোলার মাধ্যমে সকল জনগনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার মাধ্যমে তাদের আস্থা অর্জন করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামি জেলা মজলিস শুরা সদস্য মোহাম্মদ নুরুল করিম, কাপ্তাই উপজেলা শাখার আমীর হারুনুর রশীদ, রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা, জামায়াতে ইসলামী রাইখালী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ লোকমান, ইউপি সদস্য নাসির উদ্দীন, সংরক্ষিত মহিলা সদস্য মাচিংউ মারমা, মোহাম্মদ সেলিম প্রমূখ। উক্ত মতবিনিময় সভা ও কর্মসূচিতে কাপ্তাই উপজেলাসহ রাইখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
