টেকনাফের গহীন পাহাড়ে সশস্ত্র ডাকাতের আস্তানায় বিজিবির অভিযান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

47

॥ কক্সবাজার সংবাদদাতা ॥
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহীন পাহাড়ে একটি ডাকাত আস্তানায় মঙ্গলবার (১৫ জুলাই) অভিযান চালিয়েছে বিজিবি। অভিযানে ডাকাত দলের কোনো সদস্যকে আটক করতে না পারলেও তাদের আস্তানা থেকে বেশ কিছু অস্ত্র ও বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, তাদের অভিযানে ডাকাত আস্তানা থেকে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ১টি বিদেশী রিভলবার, ১টি এলজি গান, ১টি ওয়ান শ্যূটার পিস্তল ও ১টি একনালা বন্দুক।
১৫ জুলাই সন্ধ্যায় বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপি টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ি জঙ্গলে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাত দল পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা তাদের আস্তানা ঘেরাও করে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী রিভলবার ২১ রাউন্ড রিভলবারের গুলি, ১টি লং ব্যারেল একনলা গাদা বন্দুক, ৩ রাউন্ড ছড়া গুলি ও ৫টি খালি খোসা, ১টি এলজি গান, ১টি ওয়ান শুটার পিস্তল, ১৪ রাউন্ড রাইফেলের গুলি, ১টি লং বডি কিরিচ এবং ২টি লং বডি রামদা উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া এবং অজ্ঞাত ডাকাতদের শনাক্তকরণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রঙ্গীখালী দুর্গম পাহাড়ি জঙ্গলে দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারী, ডাকাত, অপহরণকারী ও গুমকারী অপরাধীরা আস্তানা গেড়ে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজিবি’র এই ধরনের সাহসী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে কর্মকর্তাগণ জানিয়েছেন।