॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দূর্গম বঙ্গলতলীর জারুলছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুটি দল ইউপিডিএফ ও জেএসএস’র সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে থেমে থেমে সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি শব্দ শুনেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এই ঘটনায় শিশুসহ ৩ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এই ঘটনার পর এলাকায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে দূর্গম বঙ্গলতলীর জারুলছড়িতে থেমে থেমে আঞ্চলিক দলের দু’পক্ষের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির সংবাদ পাওয়া গেছে। এই ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে খবর পেয়েছি। এদের মধ্যে একজন শিশু প্রজ্ঞা চাকমা (৫) আহত হয়েছে বলে জানা গেছে। তবে আহত অন্যান্যদের পরিচয় ও কেউ নিহত হয়েছে কিনা তাৎক্ষণিক জানা যায়নি।
তিনি আরো জানান, আইনশৃংঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা দিয়েছেন তবে এলাকাটি দূর্গম হওয়ায় বাহিনী পৌছতে দেরী হচ্ছে। সেখান থেকে তারা ফিরে আসলে তখন বিস্তারিত জানা যাবে।
#
