রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

185

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটি বাতিলের দাবিতে ক্রীড়া উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ক্রীড়ানুরাগীরা। সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ’র মাধ্যমে ক্রীড়া উপদেষ্টার বরাবর স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদান করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মামুনুর রশিদ মামুন, জেলা ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুবুল বাসেত অপু, যুগ্ম আহ্বায়ক দিল বাহাদুর রায় ও আব্দুল মন্নান, সদস্যসচিব প্রীতি প্রসুন চাকমা এবং জাতীয় দলের সাবেক ফুটবলার কিংশুক চাকমা।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২৭ মে গঠিত এডহক কমিটি স্থানীয় ক্লাব ও ক্রীড়া সংগঠকদের মতামত উপেক্ষা করে গঠন করা হয়েছে। কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের ক্রীড়াক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই এবং রাঙ্গামাটি জেলার বাসিন্দাও নন। এই ধরনের কমিটি জেলা ক্রীড়াঙ্গনকে দুর্বল করে ফেলার আশঙ্কা প্রকাশ করা হয়। এছাড়া, শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগের দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করা হয়।
এ সময় দীপেন তালুকদার বলেন, জেলার প্রকৃত ক্রীড়া সংগঠক ও ক্রীড়ানুরাগীদের উপেক্ষা করে বিতর্কিতভাবে এডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দিয়ে জেলার ক্রীড়াঙ্গনের সুষ্ঠু পরিচালনা সম্ভব নয়। জেলা ক্রীড়া সংস্থা, ক্রীড়ানুরাগীসহ রাঙ্গামাটি জেলা বিএনপি এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। কারণ এখনো প্রকৃত ক্রীড়া ব্যক্তিত্বদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।
তিনি আরও বলেন, এই কমিটি বাতিল না করা হলে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন ক্রীড়া সংস্থার কোনো কার্যক্রমে অংশ নেবে না। আমরা দ্রুত এই কমিটির পুনর্মূল্যায়ন এবং বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় ক্রীড়ানুরাগীরা আন্দোলনে যেতে বাধ্য হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, দাবি ও অভিযোগ সমূহ যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।