আগামীকাল রাঙ্গামাটিতে শুরু হচ্ছে ১১টি দলের অংশগ্রহণে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

212

॥ ক্রীড়া ডেস্ক রিপোর্ট ॥
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, চলরে সবাই খেলতে চল” এই শ্লোগানে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে ১১টি জেলা দলের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাঙ্গামাটি ও বান্দরবান জেলা দল। পরদিন শুক্রবার চট্টগ্রাম জেলা দলের বিপক্ষে লড়বে খাগড়াছড়ি। টুর্নামেন্ট উদ্বোধন করবেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন।
এ উপলক্ষে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সিজেকেএস (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা গেছে। এতে প্রতিযোগিতার নানা তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান এবং সদস্য সচিব শাহনেওয়াজ রিটন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে পাহাড়ি-বাঙালি সম্প্রীতির নৃত্যসহ বৈচিত্রময় সাংস্কৃতিক আয়োজন। টুর্নামেন্টের ফিকশ্চার প্রণয়ন, দলগুলোর জার্সির রঙ নির্ধারণ ও বাইলজ অনুমোদনসহ যাবতীয় কাজ জেলা প্রশাসক ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে করা হয়েছে। জেলা দলগুলোর মধ্যে সমপ্রতিযোগিতা নিশ্চিতে বিদেশি বা অতিথি খেলোয়াড় না রাখার বিধান রাখা হয়েছে।
এতে আরও জানানো হয়, চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা, নোয়াখালী, কুমিল্লাসহ বিভাগের ১১টি জেলা দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলো দুটি জোনে ভাগ হয়ে রাঙ্গামাটি ও কুমিল্লা ভেন্যুতে খেলবে। পরে উভয় জোন চ্যাম্পিয়ন দল শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।
টুর্নামেন্ট আয়োজনে বিভাগীয় অংশে সহযোগিতা করছেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ও ডেইলি পিপল্স ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর।
রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ জানান, ভালো মানের খেলোয়ার তোলে আনতে জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এতে উদ্বোধনী অনুষ্ঠানে সকল জাতি গোষ্ঠীর অংশগ্রহনে নান্দনিক ডিস প্লে থাকছে। খেলার জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে।