রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলীতে গোসল করতে নেমে ২ জন পর্যটক নিখোঁজ

105

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাঘাট এলাকার কর্ণফুলি নদীতে গোসল করতে নেমে ২ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। উদ্ধার তৎপরতা চালাচ্ছে কাপ্তাই ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন, প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। শাওন চট্টগ্রাম নগরের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র।
নিখোঁজ হওয়া আরেকজন হলো প্রিয়ন্ত দাশ। সে শাওনের খালাতো ভাই।
তাদের বন্ধু সালমান আহমেদ জানায়, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে যায়। এরপর কর্ণফুলী নদীর সীতার ঘাটে আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসলে নামে। দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।
মঙ্গলবার বিকাল পর্যন্ত নিখোঁজ দুইজনের খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্য ও কাপ্তাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, নিখোঁজ দুইজনকে উদ্ধারে ডুবুরী দলের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি জানান, চট্টগ্রাম সদর ঘাট এলাকায় থেকে বেড়াতে আসা ৯ জন পর্যটক কিশোর কাপ্তাই সিতাঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে প্রিয়ন্ত দাশ (১৫) ও শাহন দত্ত (১৭) দুই কিশোর নিখোঁজ হন।