ঘাগড়া কলেজে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

101

॥ বিশেষ প্রতিবেদক ॥
“দক্ষ যুবক গড়বে দেশ-সমৃদ্ধ বাংলাদেশ” বিষয়ে রাঙ্গামাটির ঘাগড়া কলেজে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন ও খন্ডনের মধ্যদিয়ে শেষ হয়েছে এ প্রতিযোগিতা। বিজয়ী দলের সদস্য হলেন, প্রমিত চৌধুরী, প্রজ্ঞা চাকমা ও রূপসী চাকমা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান।
রাঙামাটিতে নাগরিক প্লাটফর্মের স্বেচ্ছাসেবামুলক কাজের অংশ হিসেবে ঘাগড়া সরকারি কলেজের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযাগিতা পুরষ্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্ পরিচালিত আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্ম।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো তাদের বাগ্মিতা, বিশ্লেষণধর্মী কথার মাধ্যমে দক্ষতা প্রদর্শন করে। এতে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়।
অভিজ্ঞ বিচারক এবং প্রাজ্ঞ বিতার্কিক সমন্বিত বিচারক প্যানেল নিরপেক্ষতা এবং মানসম্মত বিচারকার্য পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সুনাম বজায় রেখেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেছেন-নানা কারণে নারীরা নির্যাতন-নিপীড়নের শিকার হন। সারা পৃথিবীতেই নারীদের বিভিন্নভাবে পিছিয়ে রাখা হয়। নারীদের জন্য কমিশন করতে আমরা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলেছিলাম, নারীদের জন্য অবশ্যই কমিশন গঠন করতে হবে। সরকার আমাদের কথা গুরুত্ব দিয়ে নারী কমিশন গঠন করেছেন।
অনুষ্ঠান চলাকালে নিরূপা দেওয়ান নারী সংস্কার কমিশনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বইমুখী করার জন্য বিতর্ক অনুষ্ঠান একটা ভাল প্রতিযোগিতা। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও উন্নত হয়। ঘাগড়া কলেজ এই সুন্দর বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সেটা করে দেখাল।
আস্থা প্রকল্পের সমন্বয়ক বিপ্লব চাকমা ও রবিন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঘাগড়া কলেজের অধ্যক্ষ চায়না চাকমা, দৈনিক আমাদের সময়ের রাঙ্গামাটি প্রতিনিধি বিহারী চাকমা, উন্নয়ন কর্মী নুকু চাকমা, সাংবাদিক হিমেল চাকমা প্রমুখ। শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন পক্ষ দলের মাহমুদুর রহমান সাকিব।