রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

86

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় জারিকৃত ১৪৪ ধারা অবশেষে সাড়ে ৪৫ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) মোহাম্মদ মোশারফ হোসেন খান।
অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ উদ্ধর্তন কর্মকর্তারা বনরূপা বাজারের ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরির্দশন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের নিদের্শ প্রদান করেন।
অন্যদিকে, রাঙ্গামাটিতে পাহাড়ি ছাত্র জনতার ডাকা ৭২ ঘণ্টা সড়ক ও নৌ-পথ অবরোধের আজ দ্বিতীয় দিন চলছে। পাশাপাশি চলছে যানবাহন মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্ট কালের ধর্মঘট। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে রাঙ্গামাটিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। রাঙ্গামাটি শহরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও রাখা হয়েছে শক্ত অবস্থানে। রাঙ্গামাটিতে শুক্রবারের সহিংস ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে পর্যটন কেন্দ্র সাজেকে ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন সহস্রাধিক পর্যটক। বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, অবরোধের কারণে সাজেকে পর্যটকরা আটকে পড়েছেন। পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অন্যদিকে অবরোধ ও ধর্মঘটের কারণে রাঙ্গামাটির অভ্যন্তরীন ও দুরপাল্লার রুটে সব ধরনের যানবাহন ও নৌ যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও পন্য পরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। মাছ, সবজী, ফলমূলসহ পাহাড়ে উৎপাদিত কাঁচা পণ্য নষ্ঠ হয়ে যাচ্ছে।