খাগড়াছড়িতে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইউপিডিএফের বিক্ষোভ

97

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
রাজনৈতিক উদ্দেশ্যে আটক ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), খাগড়াছড়ি সদর ইউনিট।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১০টার সময় খাগড়াছড়ি জেলা সদরে স্বনির্ভরের দলীয় কার্যালয় থেকে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পরিষদ, নারাঙহিয়া, উপজেলা, কলেজ গেইট হয়ে চেঙ্গী স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফ-এর সংগঠক লালন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কনিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি শান্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সভাপতি ক্যামরন দেওয়ান ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা।
ইউপিডিএফ নেতা লালন চাকমা বলেন, আগষ্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান গোটা দেশে এক পরিবর্তন নিয়ে এসেছে। ছাত্র গণঅভ্যুত্থানের ফলে সারাদেশে পরিবর্তনের জন্য সংস্কার করা হচ্ছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে এখনো কোন পরিবর্তন দেখা যাচ্ছে না। সারাদেশের রাজবন্দীরা মুক্তি পেলেও পার্বত্য চট্টগ্রামের লড়াকু সংগঠন ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতারা মুক্তি না পাওয়াই তার প্রমাণ। মিথ্যা মামলায় ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমাসহ অন্যান্য রাজবন্দীদের মুক্তি না দেওয়ায় দেশে এখনো বৈষম্য দূর হয়নি।
তিনি আরো বলেন, সারাদেশে বৈষম্য মুক্ত ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিশ্চিত করতে হলে পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার ও পূর্ণস্বায়ত্তশাসন কায়েমের মধ্যদিয়ে দেশে গণমানুষের বাঁচার সংবিধান রচনা করতে হবে।
লালন চাকমা অবিলম্বে ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমা, পিসিপি নেতা কুনেন্টুসহ সকল আটক সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য অন্তর্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।