॥ নিজস্ব প্রতিবেদক ॥
অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর করা ও জুরাছড়ি উপজেলায় এক পাহাড়ির জায়গা বেদখলের চেষ্টা, বহিরাগত ও আইন-শৃংখলা বাহিনী কর্তৃক প্রতিবাদকারীদের মারধরের প্রতিবাদে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
রবিবার (১৪ জানুয়ারী) বিকালে কুমার সমিত রায় জিমনেশিয়াম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে বিক্ষোভ সমাবেশ করে।
উক্ত সমাবেশে পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিল উইমেন্স ফেডারেশন, রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ম্রানু সিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য উলি সিং মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক থোয়াইক্য জাই চাক, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি ভাবে বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে একের পর এক ভুমি বেদখল হচ্ছে। ভূমি বেদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিবাদকারীদের ধরে নিয়ে নির্যাতন চালানো চালানো হচ্ছে। সভ্য দেশে এই ধরনের পরিস্থিতি কখনই কাম্য নয়। প্রশাসনের ইন্ধনে বহিরাগতরা এবং পর্যটনের নামে পাহাড়ের ভুমি বেদখল করা হচ্ছে। এতে দিন দিন ভুমিহীন হয়ে পড়ছে স্থানীয় পাহাড়ি বাসিন্দারা। তাই ভূমি বেদখলকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রতি জোর দাবী জানান বক্তারা।
