মহালছড়ি’র মাইসছড়ি বাজার বয়কট আরো এক মাস বৃদ্ধি

115

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়িতে মংশিপ্রু চৌধুরীর রেকর্ডিয় জমি বেদখলের প্রতিবাদে চলমান মাইসছড়ি বাজার বয়কট তৃতীয় দফায় আরো এক মাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ বাজার বয়কট কর্মসূচি অব্যাহত থাকবে।
রবিবার (১৪ জানুয়ারী) মাইসছড়ি ভূমি রক্ষা কমিটি’র সদস্য উদয়ন চাঙমা’র স্বাক্ষরিত সংবাদ মাধ্যমকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান। শনিবার (১৩ জানুয়ারি) এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে মাইসছড়ি ভূমি রক্ষা কমিটি জানিয়েছে।
উল্লেখ্য, হাইকোর্টের আদেশ অমান্য করে ফয়েজ মিঞা, ভুট্টো খান ও আব্দুল জলিল কর্তৃক মংশিপ্রু চৌধুরীর রেকর্ডিয় জমি বেদখলের প্রতিবাদে ও উক্ত জমিতে তাদের নির্মিত অবৈধ দোকান ও ঘর ভেঙে দেয়ার দাবিতে গত ১৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মাইসছড়ি বাজার বয়কট কর্মসূচির ডাক দেয়া হয়।
কিন্তু এর মধ্যে দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেয়ায় ১৫ জানুয়ারি পর্যন্ত বাজার বয়কটের মেয়াদ বৃদ্ধি করা হয়। এরপরও জমি বেদখলকারী সেটলারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করায় তৃতীয় দফায় এই বাজার বয়কটের মেয়াদ বাড়ানো হয়েছে।
মাইসছড়ি ভূমি রক্ষা কমিটির কমিটির আহ্বায়ক বিপিন বিহারী দেওয়ান বলেন, গত একমাস ধরে জনগণ স্বতঃস্ফুর্তভাবে মাইসছড়ি বাজার বয়কট করে আসলেও প্রশাসন এখনো মংশিপ্রু চৌধুরীর জমিতে অবৈধভাবে ঘর নির্মাণকারী সেটলারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। ফলে আমাদের বাজার বয়কট কর্মসূচি অব্যাহত রাখা ছাড়া আর কোন উপায় নেই।
তিনি চলমান মাইসছড়ি বাজার বয়কট সফল করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং ন্যায্য দাবি আদায় না হওয়া পযন্ত মাইসছড়ি বাজারে গিয়ে কেনাবেচা করা থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।