॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে মহানাম যজ্ঞের পূন্যাহুতির মধ্যদিয়ে রাঙ্গামাটির শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমে ৪ দিনের রাস উৎসবের সমাপ্তি ঘটে। ধর্মীয় আচার অনুষ্ঠান, রাস লীলা প্রর্দশন ও মহানাম কীর্ত্তনের মাধ্যমে রাঙ্গামাটির শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম প্রাঙ্গণে শনিবার শুরু হয় ৯০তম রাস মহোৎসব। অষ্টপ্রহরব্যাপী রাতভর মন্দিরে চলে মহানাম কীর্ত্তণ ও প্রসাদ আস্বাধন। রাস লীলায় প্রদর্শন করা হয় যুগল প্রতিমা। শ্রী কৃষ্ণের রাস পূজায় অংশ নিতে সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষ জড়ো হন গৌরনিতাই আশ্রমে।
এছাড়া রাস পূর্ণিমা উপলক্ষে মন্দির পার্শ্ববর্তী শাহ স্কুল মাঠে বসে ঐতিহ্যবাহী গ্রামীন মেলা। মেলায় জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের অংশ গ্রহণ রাস উৎসবকে আরো প্রাণবন্তও উৎসবমূখর করে তোলে।
সোমবার রাতে গৌরনিতাই আশ্রমের রাস উৎসবে পুন্যার্থী হিসেবে অংশ নেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি সনাতনী ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিভিন্ন ধর্মাবলম্বীদের পদচারণায় মানুষের মহামিলন ঘটায় এবারের রাঙ্গামাটির রাস উৎসব সার্বজনীন রূপ নেয়ায় গৌরনিতাই আশ্রমের আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।
