॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ১০ আরই ব্যাটালিয়নের উদ্যোগে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে মগবান ইউনিয়নে বসবাসকারী স্থানীয় শীতার্থ ও হতদরিদ্র পাহাড়ী বাঙ্গালী নারী পুরুষ ও শিশু কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১০ আরই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত গবাঘোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ তাওহীদ আমিন পিএসসি।
স্থানীয় দরিদ্র দুই শতাধিক নারী পুরুষ শিশু কিশোর ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র হিসেবে গরম জামা কাপড় তুলে দেন, মেজর মোঃ তাওহীদ আমিন। সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও অনুরুপ সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন, গবাঘোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা বড়ুয়া, গবাঘোনা ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন এবং রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন।
এদিকে গবাঘোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা বড়ুয়া এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় দরিদ্র জনগণ এবং শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় ১০ আরই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ তাওহীদ আমিনকে ধন্যবাদ জানান। তারা বলেন পূর্বে গবাঘোনা এলাকায় কোন বিদ্যালয় ছিলনা। বিদ্যালয় না থাকায় শিশুরা লেখাপড়া হতে বঞ্চিত হচ্ছিল। পরে স্থানীয় জনসাধারনের আন্তরিক প্রচেষ্টায় এবং সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ১৯৯৪ সালে গবাঘোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হয়ে লেখাপড়া করতে থাকে। কিন্তু বিদ্যালয়টি সরকারি না হওয়ায় শিক্ষকরা অনেকটা বিনা পারিশ্রমিকে শিক্ষা দিয়ে আসছেন। এতে শিক্ষকরা অনেক কষ্টে দিনাতিপাত করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা বড়ুয়া বলেন, ৩জন শিক্ষক দিয়ে কোনমতে বিদ্যালয়টিতে পাঠদান অব্যাহত রেখেছি। তিনি শিশুদের লেখাপড়ার সুবিধার্থে গবাঘোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে সরকারি করন করার জন্য সেনাবাহিনীর মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে মেজর মোঃ তাওহীদ আমিন সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
