নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : ইউএসএআইডি, বাংলাদেশ সরকার, এশিয়ান ডিজাস্টার প্রিপিয়ার্ডনেস সেন্টার (এডিপিসি) ও স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে রাঙ্গামাটিতে ভূমিকম্পে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভূমিকম্পে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
ইউএসএইডের বাংলাদেশে ভূমিকম্পের স্থিতিস্থাপকতা শক্তিশালীকরণ ‘প্রচার সভা’য় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিপিসি’র বাংলাদেশ প্রতিনিধি ড. নূর আহমেদ। বক্তব্য রাখেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক শফি কামাল, সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার, এডিপিসি’র কর্মসুচি সমন্বয়ক মৌমিতা সেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। কর্মশালায় বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, যাদের জন্য প্রকল্প নেয়া হয়, তাদের জন্য ব্যয় করলেই প্রকৃত উদ্দেশ্য সফল হবে’। তিনি বলেন, বিশেষ করে পাহাড়ে ঝুঁকি কমাতে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের চিহ্নিত করে ক্লাস্টার ভিত্তিক কর্মশালা করার উদ্যোগ নিতে পারে উন্নয়ন সংস্থাগুলো। এসব কাজ সরকারের একার দায়িত্ব নয়, এসব কর্মসূচী বাস্তবায়নে প্রয়োজন সকলের ঐকান্তিক প্রচেষ্টা।
