তিন পার্বত্য জেলা পরিষদের কার্যপ্রণালী বিধিমালা প্রণয়ন

211

ডেস্ক রিপোর্টঃ-দীর্ঘ ২২ বছর পর তিন পার্বত্য জেলা পরিষদের কার্যপ্রণালী বিধিমালা প্রণয়ন (গেজেট) প্রজ্ঞাপন জারী করা হয়েছে। তিন পার্বত্য জেলা পরিষদগুলো তাদের কার্যপ্রণালী সম্পাদন করতে গিয়ে যে সমস্যা ছিল তা আর থাকবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত ৩১ মার্চ সরকার তিন পার্বত্য জেলা পরিষদগুলোর বিধিমালা প্রণয়নের প্রজ্ঞাপন জারি করে। ২৫ শে মার্চ প্রজ্ঞাপনটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন। পরে পার্বত্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। সম্প্রতি এটি জেলা পরিষদ গুলোর চেয়ারম্যানদের কাছে এসে পৌঁছেছে।
তিন পার্বত্য জেলা পরিষদ গুলোর কার্যপ্রণালী বিধিমালা প্রণয়ন নিয়ে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলেন তিন পার্বত্য জেলা পরিষদগুলোর চেয়ারম্যানরা। ১৯৯৮ সালে তিন পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনের পর কার্যপ্রণালীঃ বিধিমালা প্রণয়ন হয়নি।
১৯৮৯ সালে তিন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ গঠনের পর যে বিধিমালা প্রণয়ন করা হয়েছিল পরে তার পরিবর্তন হয়নি। ফলে জেলা পরিষদগুলো তাদের কার্য সম্পাদন করতে গিয়ে নানামুখী সমস্যায় পড়ে।
বিধিমালা না থাকায় জেলা প্রশাসনসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে জেলা পরিষদের কার্য সম্পাদনে নানামুখী বৈরিতা সৃষ্টি হয়। তবে নতুন কাযপ্রণালী বিধিমালা প্রণয়ন হওয়ায় এ সমস্যা এখন আর থাকবেনা বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আসরাফুল ইসলাম ও বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার জানিয়েছেন, কার্যপ্রণালী-বিধি মালা না থাকায় জেলা পরিষদগুলো তাদের কার্য সম্পাদন করতে গিয়ে নানামুখী সমস্যায় পড়েছে। দীর্ঘদিন থেকে তিন পার্বত্য জেলা পরিষদগুলোর চেয়ারম্যান এ বিষয়ে মন্ত্রণালয়সহ সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল। এখন বিধিমালা প্রণয়ন হওয়ায় জেলা পরিষদগুলো তাদের কার্য সম্পাদন করতে গিয়ে আগের চাইতে আরো গতিশীল হবে বলে তিনি জানান।
এদিকে জারিকৃত নতুন কার্যপ্রণালী-বিধি মালায় অন্যান্য ধারা-উপধারার সাথে পরিষদের জারীকৃত আদেশ সভার কার্যবিবরণী যথাসময়ে পার্বত্য আঞ্চলিক পরিষদও ১৪ দিনের মধ্যে অনুলিপি সরকারের কাছে প্রেরণের কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে তিন পার্বত্য জেলা পরিষদের বিধিমালা প্রণয়ন হওয়ায় পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্যকে এস মং মারমা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।