নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি পৌরসভার নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আইন-শৃংখলা ও আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) বিকালে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে মতবিনিময় সভায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।
সভায় জেলা প্রশাসক সুষ্ঠ, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নিবার্চন উপহার দেওয়ার আশ্বাস প্রদান করেন এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সুষ্ঠ নিবার্চন সম্পন্ন করার জন্য আইন শৃংখলা ও আচরণবিধি মেনে চলার আহবান জানান। এসময় রাঙ্গামাটির পৌর নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলরগণসহ নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে এবার রাঙ্গমাটিতে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই সাধারণ জনগণের কাছে এই পদ্ধতি সহজ করতে নির্বাচন কমিশনের প্রতি ইভিএম ব্যবহার সম্পর্কে ভোটারদের প্রশিক্ষণ ও প্রচারণামূলক পদক্ষেপ নেওয়ার আহবান জানান উপস্থিত মেয়র ও কাউন্সিলরগণ।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ৫জন মেয়র প্রার্থী, ৪১ জন পুরুষ কাউন্সিলর ও ১৯জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
