রাঙ্গামাটিতে দেশব্যাপী নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে খেলাঘরের প্রতিবাদী গান

254

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-নোয়াখালীতে বর্বরোচিত নারী নিপীড়ন, দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বত্য জেলা রাঙ্গমাটিতে ভ্রাম্যমাণ প্রতিবাদী গান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১০ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে এ কর্মসূচির শুরু হয়।
এসময় বক্তব্য রাখেন, খেলাঘর আসর রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি জাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী ও সদস্য পূর্ণিমা তালুকদার। পরে শহিদ মিনার প্রাঙ্গণে শুরু হয় ভ্রাম্যমাণ প্রতিবাদী গান। এসময় গানে-গানে ধর্ষণ-নারী নিপীড়নের প্রতিবাদ জানায় সংগঠনটি। কর্মসূচিতে জেলা খেলাঘর আসরের সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সারাদেশে নারী-শিশু ধর্ষণ-নিপীড়ন উদ্বেগজনক হারে বেড়েই চলছে। এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে আমাদের সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী-শিশু ধর্ষণ ও নিপীড়ন বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে আমাদের আজকের এই প্রতিবাদী গান।
পরে সকাল ১০ টায় শহিদ মিনার প্রাঙ্গণ হতে প্রতিবাদী গানের ভ্রাম্যমাণ ট্রাকটি তবলছড়ি, আসামবস্তি, ভেদভেদী, বনরূপা, রিজার্ভ বাজারসহ জেলা শহরের বিভিন্ন এলাকায় প্রতিবাদী গান পরিবেশন করে খেলাঘর আসরের শিল্পিরা।