শেখ ইমতিয়াজ কামাল ইমনঃ-করোনা মোকাবেলায় কর্মহীন দুস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাঙ্গামাটি রিজার্ভ বাজার এলাকায় হাজী ইউসুফ আলী কোম্পানীর পরিবারের উদ্যোগে দৈনিক ৩০ পরিবারকে দূর্যোগকালীন খাদ্য সহায়তার উদ্বোধন করে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।
এ সময় রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যার মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনসুর আলী, হাজী ইউসুফ কোম্পানীর ছেলে অভ্যন্তরীন লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানুসহ হাজী ইউসুফ আলী কোম্পানির পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে রাঙ্গামাটি দীপংকর তালুকদার এমপি বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট দূর্যোগে হতদরিদ্র গরীব দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মুল লক্ষ্য। আমরা চাই না বর্তমান আওয়ামীলীগ সরকারের সময় কেউ অনাহারে থাকুক। আমরা এই দূর্যোগে হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা তাদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিবো। এছাড়া আমি হাজী ইউসুফ আলী কোম্পানির পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাই দূর্যোগময় পরিস্থিতিতে হতদরিদ্রপাশে দাঁড়ানোর জন্য। তবে আমাদের সমাজে অনেক বিত্তশালী ব্যক্তি আছেন, যারা প্রতিদিন অনেক আজে বাজে খরচ করে থাকেন। কিন্তু এই সংকটে তাদের গরীব অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এদিকে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের উদ্যোগে কর্মহীন ১৬০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। সকালে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে প্রাঙ্গনে পরিবার গুলোর মাঝে ত্রাণ সমাগ্রীর তুলে দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের আরডিসি সহকারী ম্যাজিষ্ট্রেট পল্লব হোম দাশ এবং সহকারী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন, মন্দির কমিটির সভাপতি আশীষ দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার।
পরে মন্দির কমিটি নেতৃবৃন্দ বাড়ী বাড়ী গিয়ে পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
