॥ নিজস্ব প্রতিবেদক ॥
পর্যটন শহর রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান ‘রাস মহোৎসব’। সোমবার (২৩ নভেম্বর) থেকে শহরের তবলছড়ির মাঝেরবস্তীতে অবস্থিত প্রায় ৯৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমে চার দিনব্যাপী এই মহোৎসব শুরু হয়।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবকে ঘিরে শহরের তবলছড়ি মাঝিরবস্তী শাহ স্কুল মাঠে বসেছে ঐতিহ্যবাহী রাস মেলা। মহোৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।
সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকের বাদ্য, উলুধ্বনি, ধূপ ও পূজার নৈবেদ্যতে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। উৎসব উপলক্ষে আশ্রমের আশপাশ ও শাহ স্কুল মাঠে শতাধিক স্টলে হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় ও অস্থায়ী দোকানিরা। আজ সন্ধ্যা থেকেই মেলা পুরোদমে জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পরিবার নিয়ে মন্দিরে আসা স্থানীয় বাসিন্দা লিটন শীল জানান, প্রতিবারের মতো এবারও বেশ আনন্দঘন পরিবেশে উৎসব শুরু হয়েছে। গতকাল রবিবার রাত থেকেই মূলত ধর্মীয় আচার শুরু হয়। আজ সকাল থেকে পুণ্যার্থীরা পূজা-অর্চনায় অংশ নিচ্ছেন এবং বিকেলে মেলায় ঘুরছেন।
আয়োজন সম্পর্কে শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের পুরোহিত বিশু চক্রবর্তী জানান, গতকাল ২২ নভেম্বর রাত থেকে ধর্মীয় আচারের মাধ্যমে উৎসবের সূচনা হয়েছে, যা চলবে আগামী ২৬ নভেম্বর বুধবার পর্যন্ত। তিনি বলেন, “বিশ্বমানবতার কল্যাণ ও শান্তি কামনায় এই রাস মহোৎসবের আয়োজন করা হয়। চার দিনব্যাপী এই আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা প্রদর্শনী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।” উৎসবটি জাঁকজমকপূর্ণ করতে স্থানীয় পূজা কমিটি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি।
পাহাড়ের এই ঐতিহ্যবাহী আয়োজন কেবল সনাতন ধর্মাবলম্বীদের মাঝেই সীমাবদ্ধ থাকে না; জাতি-ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিবছরই এটি একটি সর্বজনীন সম্প্রীতির উৎসবে পরিণত হয়।
