॥ নিজস্ব প্রতিবেদক ॥
ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধের পাশাপাশি জেলার দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার। তিনি বলেন, চিকিৎসকরা যদি সঠিক সময়ে দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে একটু সেবা দিতে পারেন, তবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
রোববার (২২ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত জেলা মাসিক স্বাস্থ্য সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খীসা ও ডেপুটি সিভিল সার্জন ডা. জাফরিন জাহেদ জিতি।
এছাড়া সভায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খোকন চাকমাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি, ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ এবং দুর্গম জনপদে চিকিৎসাসেবা কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে ডেঙ্গু পরীক্ষার কীট হস্তান্তর করেন চেয়ারম্যান ও আহবায়ক।
