॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে অতিরিক্ত অর্থ আদায়, নিম্নমানের চাল ও সাবান সরবরাহ এবং দুর্গম দুই ইউনিয়নের উপকারভোগীদের পণ্য না দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। এ ছাড়া পণ্য কেনার সময় উপকারভোগীদের পলিব্যাগ কিনতে বাধ্য করার অভিযোগও করেছেন ক্রেতারা। নির্ধারিত তদারকি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আনসার সদস্যদের উপস্থিতি ছাড়াই পণ্য বিক্রির ঘটনাও দেখা গেছে।
রোববার (২২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের পরিত্যক্ত ডরমিটরি ভবনের প্রাঙ্গণে টিসিবির নিয়োগপ্রাপ্ত ডিলার মো. সরওয়ার সোহাগকে পণ্য বিক্রি করতে দেখা যায়। এ সময় উপকারভোগীদের মধ্যে গত সেপ্টেম্বর মাসের অবিক্রীত চাল, নিম্নমানের সাবান এবং পলিব্যাগ সরবরাহ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, পরিত্যক্ত টিনশেড ডরমিটরি ভবনের একটি কোণে ডিলার মো. সরওয়ার সোহাগ ও তাঁর কর্মচারী ডুলাল পণ্য বিক্রি করছেন। সেখানে দুজন উপকারভোগীর মাধ্যমে ছয়টি কার্ডের বিপরীতে পণ্য বিক্রি করতে দেখা যায়। প্রতিটি কার্ডের বিপরীতে মোট ৩ হাজার ৬০০ টাকা আদায়ের বিষয়টি প্রত্যক্ষ করা যায়। বিক্রি করা পণ্যের মধ্যে ছিল পাঁচ কেজি চাল, একটি সাবান, দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও একটি পলিব্যাগ।
এ বিষয়ে জানতে চাইলে ডিলার সরওয়ার সোহাগ বলেন, টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেনের স্বাক্ষরিত অনুমোদনপত্র অনুযায়ী চাল, ডাল, সাবান, তেল, চিনি ও পলিব্যাগসহ পণ্যের জন্য ৬০০ টাকা নেওয়ার নির্দেশনা রয়েছে। তিনি সেই নির্দেশনা অনুসারেই পণ্য বিক্রি করছেন।
বিক্রয়কেন্দ্রে ট্যাগ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও আনসার-ভিডিপি সদস্যদের উপস্থিতি না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁরা তাঁকে বিশ্বাস করে দায়িত্ব দিয়ে চলে গেছেন। তবে কারা দায়িত্ব দিয়ে গেছেন, তাঁদের নাম তিনি জানাননি।
পুরোনো, ময়লা ও দুর্গন্ধযুক্ত চাল এবং রোহিঙ্গা শিবিরে বিতরণের জন্য ব্যবহৃত সাবান সরবরাহের অভিযোগের বিষয়ে সোহাগ বলেন, পলিব্যাগ ও সাবান বাধ্যতামূলকভাবে নিতে হবে। গত সেপ্টেম্বর মাসে ৩৭৪ পরিবারের জন্য বরাদ্দ করা চালের কিছু অংশ অবিক্রীত ছিল। যাঁরা চাল নিতে চাননি, তাঁদের অংশের চাল ফেরত নেওয়া হয়েছিল।
থানচি বাজারে তাঁর মালিকানাধীন ‘সিয়াম স্টোর’ নামে কোনো গুদাম বা দোকানের অস্তিত্ব পাওয়া যায়নি—এমন প্রশ্নের জবাবে সোহাগ বলেন, ডিলারশিপের আবেদনের সময় সরকারের কাছে সিয়াম স্টোরের নাম দেখানো হয়েছে। সেখানে সিয়াম ম্রো আছেন, তবে স্টোর নেই।
পণ্য গ্রহণকারী হানারাং ত্রিপুরা, রেংক্লান ম্রো ও অংবাসিং মারমা অভিযোগ করে বলেন, তাঁদের পাঁচ কেজি পুরোনো ও পোকাযুক্ত চাল, রোহিঙ্গা শিবিরে বিতরণের জন্য ব্যবহৃত নিম্নমানের একটি সাবান, দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি ও একটি পলিব্যাগ দিয়ে প্রতিটি কার্ডের বিপরীতে ৬০০ টাকা নেওয়া হয়েছে। বাজার থেকে বেশি দামে এসব পণ্য কেনার সামর্থ্য না থাকায় তাঁরা বাধ্য হয়ে টিসিবির পণ্য নিচ্ছেন।
তাঁরা আরও বলেন, আগেরবার টিসিবির পণ্য বিক্রির সময় মূল্যসংবলিত ব্যানার, সরকারি নির্দেশনা, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতিনিধি উপস্থিত থাকতেন। কিন্তু এবার তাঁদের কাউকে দেখা যায়নি। ফলে ডিলার নিজের ইচ্ছামতো পণ্য বিক্রি করছেন বলে তাঁদের অভিযোগ। তবে গত তিন মাস টিসিবির পণ্য বিতরণ না হওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলোকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্র্বতী সরকারের সময়ে নিম্ন আয়ের পরিবার হিসেবে অনলাইনে নিবন্ধিত উপকারভোগীর সংখ্যা থানচি সদর ইউনিয়নে ৮৮৫, বলিপাড়ায় ৭৭৪, তিন্দুতে ১১০ এবং রেমাক্রীতে ১৯১টি। চার ইউনিয়নে মোট ১ হাজার ৯৬০টি পরিবার রয়েছে।
গত ২ নভেম্বর ২০২৬ তারিখে টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে পণ্য বরাদ্দসংক্রান্ত সহকারী পরিচালক মো. কবির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে চারটি ইউনিয়নের উপকারভোগীদের নিজ নিজ এলাকায় চার দিন নির্ধারণ করে সরাসরি পণ্য বিক্রির কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া টিসিবির যুগ্ম পরিচালক মো. মিশকাতুল আলমের পক্ষে সহকারী পরিচালক মো. কবির হোসেনের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ট্যাগ কর্মকর্তা, আনসার সদস্য, জনপ্রতিনিধি ও তদারকি দলের উপস্থিতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে নিবন্ধিত উপকারভোগীর স্মার্ট কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্ক্যান করে পণ্য হস্তান্তর করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পণ্য গ্রহণের সময় উপকারভোগীদের পলিব্যাগ, টয়লেট সাবান, কাপড় কাচার সাবান, ডিটারজেন্ট পাউডার ও লবণ কিনতে বাধ্য করা যাবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ডিলারশিপ বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
