হাটহাজারী মাদ্রাসার মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চাইলেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

33

॥ ডেস্ক রিপোর্ট ॥
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও হায়াতে তৈয়্যবা কামনা করে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপস্থিত মুসল্লি ও আলেম-উলামার কাছে দোয়া চেয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী হাটহাজারীর ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করাসহ ধর্মীয় ও সামাজিক খাতে ব্যাপক উন্নয়নমূলক অবদান রেখে চলেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার নামাজ শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, “মহান আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেক হায়াত দান করুন। তিনি মুসলিম উম্মাহর কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন, আল্লাহ যেন তাঁকে হায়াতে তৈয়্যবা দান করেন।”
হাটহাজারী উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে হাটহাজারীর ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন। বাংলাদেশের ইতিহাসে একক উপজেলা হিসেবে হাটহাজারীর ১৪১ জনকে ইসলামী ফাউন্ডেশনে কাজের সুযোগ করে দিয়েছেন তিনি। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ১ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ১৩২টি ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আমাদের সন্তানদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য হাটহাজারীবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।”
সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন চান। তাঁর এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”
বার্ষিক এই মাহফিলে দেশের বিশিষ্ট আলেম-উলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।