রাজস্থলীতে বর্ণিল আয়োজনে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপিত

3

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি-২০২৬ উদযাপন করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাস, পারস্পরিক সম্প্রীতি ও বর্ণিল আয়োজনে দিনভর প্রাণবন্ত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পাহাড়িকা পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. সাকের আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং চৌধুরী, পাহাড়িকা পাবলিক স্কুলের পরিচালক ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী এবং পাহাড়িকা পাবলিক স্কুলের পরিচালক শামশুল আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল হুদা আমান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ, অভিভাবক সুহেল ত্রিপুরা এবং বিশিষ্ট ব্যবসায়ী বদিউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি এম. সাকের আহমেদ বলেন, শিক্ষাজীবন শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ নয়; নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ অর্জনের মধ্য দিয়েই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি সুশৃঙ্খল আচরণ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের জন্য ছিল বিশেষ চমক লটারি ও পুরস্কার বিতরণ। সব মিলিয়ে আনন্দ ও উৎসবের আমেজে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।