ফ্রিল্যান্সিং এর মাধ্যমে পাহাড়ে দক্ষ জনশক্তি তৈরী করতে হবে-ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

36

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে পাহাড়ে দক্ষ জনশক্তি তৈরী করতে হবে। দক্ষ জনশক্তি গড়তে পারলে বেকারত্ব দূরীকরণসহ পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক ধারা বদলে দেওয়া সম্ভব হবে।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভূক্ত কর্মসূচী ফ্রিল্যান্সিং এর উপর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় বাস্তবায়িত প্রশিক্ষণ কোর্সের আওতায় প্রশিক্ষণ গ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা পরিষদ সদস্য শ্বাশত চাকমা রিংকু, ফারুক আহমেদ সাব্বির পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই তরুণদের কর্মসংস্থানসহ তাদের স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করছেন। এরই ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং খাতে নানা ধরনের প্রণোদনাসহ
জেলা পরিষদের পক্ষ থেকে ফ্রিল্যান্সিংয়ের ওপর কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সারদের জন্য একাধিক ই-পেমেন্ট গেটওয়ে উন্মুক্ত করা হয়েছে এবং কর ও ভ্যাট কমিয়ে প্রক্রিয়াগুলো সহজ করা হয়েছে।
মীর হেলাল আরো বলেন, হঠাৎ করে বড় বিনিয়োগের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা কঠিন হলেও প্রশিক্ষিত জনবল তৈরির মাধ্যমে দ্রুত ইতিবাচক ফল পাওয়া সম্ভব।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর একার পক্ষে কিংবা কোনো একটি মন্ত্রণালয়ের পক্ষে এসব কাজ করা সম্ভব নয়, যার যেখানে সুযোগ রয়েছে, সেখান থেকেই অবদান রেখে মানুষকে স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। ফ্রিল্যান্সিং, ই-লার্নিং এবং জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন করা গেলে পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক চিত্র বদলে যাবে। এর ফলে একদিকে যেমন বেকারত্ব সমস্যার সমাধান হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
প্রতিমন্ত্রী বলেন, ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরসহ বিভিন্ন উন্নত দেশের কল সেন্টারগুলোর বড় অংশই পার্শ্ববর্তী দেশে অবস্থিত, কারণ তারা প্রশিক্ষণ দিয়ে জনবল তৈরি করছে। অথচ এ দেশের ছেলেমেয়েরা অত্যন্ত স্মার্ট ও বুদ্ধিদীপ্ত উল্লেখ করে তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নতুন প্রতিষ্ঠান বা কোম্পানি গড়ে তুলতে পারলে বাংলাদেশের জন্য এমন একটি বড় ও নতুন অর্থনৈতিক ক্ষেত্র উন্মুক্ত হবে, যা আগে সেভাবে এক্সপ্লোর করা হয়নি। এ অঞ্চলের কর্মহীনতা কমিয়ে মানুষের জীবনে স্বস্তি, শান্তি ও সচ্ছলতা আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু বলেন, “পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ করে নাগরিক হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও এ ধরনের কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী একশত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। সনদপত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা।