॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির পানছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা উল্টে তানিয়া আক্তার (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শিশুটির মা, বড় বোন এবং এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পানছড়ি থেকে খাগড়াছড়ি সদরে ফেরার পথে লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া মাটিরাঙ্গার তবলছড়ির পুরাতন বড়নাল এলাকার আনোয়ার হোসেন ও ডেইজি আক্তারের ছোট মেয়ে। আহতরা হলেন- তানিয়ার মা ডেইজি আক্তার (৩৫), বড় বোন আঁখি আক্তার (১৭) এবং বিজিবি সদস্য আব্দুর রাজ্জাক।
স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ির পাইলট ফার্ম এলাকা থেকে ফেরার পথে অটোরিক্সাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অটোরিক্সার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশু তানিয়া মারা যায়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনায় এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।
পরিবারের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে নিহত শিশুর নানা মো. সিরাজুল ইসলাম বলেন, “আমার নাতনি তার মা ও বোনের সঙ্গে পানছড়ি থেকে খাগড়াছড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেছে। এটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা, আমরা কোনো মামলা করব না।” ছোট্ট তানিয়ার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও ভাঙা সড়কগুলোতে সিএনজি ও ছোট যানবাহনের চালকদের আরও অধিক সতর্কতার সঙ্গে এবং নির্ধারিত গতিসীমা মেনে চলাচল করার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
