॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা এমপি।
রোববার (১৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁঞা এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের সুপ্রাচীন ঐতিহ্য হলো আন্তঃধর্মীয় সম্প্রীতি। সব ধর্মের মানুষ যাতে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন, সে ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুদানের এই অর্থ পূজা মণ্ডপগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি জানান, দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
পরে অনুষ্ঠানে আগত বিভিন্ন দুর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন অতিথিরা। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সনাতন ধর্মের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
