সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা সরকারের অগ্রাধিকার-ওয়াদুদ ভূঁইয়া এমপি

29

॥ রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা এবং সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের চাল, শিশু খাদ্য ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় শনিবার (১৭ অক্টোবর) রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব অনুদান ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এসময় প্রধান অতিথি হিসেবে তিনি এসব অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। ধর্মীয় উৎসবগুলো যেন সবাই আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই সরকার এই মানবিক সহায়তা প্রদান করছে। আমরা পার্বত্য এলাকার প্রতিটি প্রান্তিক মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।
ইউএনও কাজী শামীম জানান, প্রাপ্ত বরাদ্দের আওতায় রামগড় উপজেলার ২টি পূজামণ্ডপের প্রতিটিকে ৬০০ কেজি করে চাল এবং ৫৯টি বৌদ্ধ বিহারের প্রতিটিতে ৬০০ কেজি করে অনুদানের চাল দেওয়া হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে পুষ্টিকর উপাদানসমৃদ্ধ শিশু খাদ্য এবং ৩০টি পরিবারের মাঝে জনপ্রতি ২৫ কেজি করে গোখাদ্য (গমের ভুসি) বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানের আগে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া রামগড়ের হাতিখেদা এলাকায় একটি বনায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।