॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানে আনন্দ উৎসবের মধ্যদিয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হচ্ছে। জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান রাজারমাঠ থেকে শুরু হয় এক মহাশোভাযাত্রা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বেলুন উড়িয়ে মহাশোভাযাত্রার আনুষ্ঠানিকতা যাত্রা শুরু করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, পার্বত্য জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার, সদস্য চনুমং মারমা, সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বিপ্লব কান্তি দাশ রাজেশ্বর, বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক অলক ধরসহ বান্দরবানের বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সনাতনী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মহাশোভাযাত্রাটি রাজার মাঠ থেকে শুরু হয়ে বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উৎসব প্রাঙ্গনে গিয়ে সমবেত হয়। এসময় সনাতন ধর্মালম্বী বিভিন্ন শিশু কিশোরসহ বিভিন্ন বয়সী যুবক-যুবতীরা নানা দেব-দেবীর প্রতিকৃতি সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়।
