কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে স্পিলওয়ের ১৬ গেট ৩ ফুট খোলা, নিম্নাঞ্চলে কমছে পানি

33

॥ নিজস্ব প্রতিবেদক ॥
টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় চাপ কমাতে স্পিলওয়ের ১৬টি গেট ৩ ফুট করে খোলা রাখার কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ফলে বর্তমানে হ্রদ থেকে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। এতে হ্রদের পানি দ্রুত নিষ্কাশন হওয়ায় নিম্নাঞ্চলে কমতে শুরু করেছে পানি। স্বস্তি ফিরতে শুরু করেছে পানিবন্দি মানুষের মাঝে।
পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়তে থাকে কাপ্তাই হ্রদের পানি। এতে হ্রদের আশেপাশে উপজেলাগুলোর নিম্নাঞ্চল ও বিভিন্ন এলাকা প্লাবিত হয়। দেখা দেয় জলাবদ্ধতা ও পানিবন্দি পরিস্থিতি। হ্রদের অতিরিক্ত পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়ার ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছে পানির চাপ। আর পানি কমতে শুরু করায় নিম্নাঞ্চলের সড়ক, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা থেকে পানি নেমে যাচ্ছে। তবে হ্রদের পানি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে স্পিলওয়ের গেট খোলা রাখায় একদিকে যেমন হ্রদের ওপর চাপ কমছে, অন্যদিকে নিম্নাঞ্চলেও নামতে শুরু করেছে পানি। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির লেভেল রেকর্ড করা হয়েছে ১০৫.৯৯ ফুট মিন সি লেভেল (এমএসএল), যেখানে হ্রদের মোট ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। কেন্দ্রের ৫টি ইউনিটের সবগুলো চালু রেখে বর্তমানে ২২০ থেকে ২২২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
কাপ্তাই হ্রদের পানি আস্তে আস্তে কমতে থাকায় স্বাভাবিক হচ্ছে মানুষের জীবনযাত্রা। তবে নতুন করে ভারী বৃষ্টি হলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। আর হ্রদের পানির উচ্চতা ও বৃষ্টিপাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।