বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থরা পেল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের সহায়তা

19

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
সাম্প্রতিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউস এর উদ্যোগে বান্দরবান পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে বন্যাকবলিত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন, বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি।
বান্দরবানের সহকারী কমিশনার (ভুমি) লুৎফর রহমানের সভাপতিত্বে এসময় ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশ এর বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, টেকনিক্যাল অফিসার মো.আব্দুল আজিজ, গ্রাউস এর উপ-নির্বাহী পরিচালক চিন্ময় ম্রো, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজসহ ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথি ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো দায়িত্বশীল হতে হবে। একজন সংসদ সদস্য হিসেবে আমি সার্বিক দিক তদারকি করবো মন্তব্য করে প্রধান অতিথি সংসদ সদস্য সাচিং প্রু জেরী আরো বলেন, যেকোন সংস্থা এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত। এই কাজের মুল তদারকি অবশ্যই করবে জেলা প্রশাসন আর সরকারের প্রতিনিধি হিসেবে আমি এই কাজগুলো সার্বিক তদারকি অব্যাহত রাখবো। এসময় সংসদ সদস্য সাচিং প্রু জেরী গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রদত্ত এই অর্থগুলো ক্ষতিগ্রস্থদের সঠিকভাবে ব্যবহার করার আহবান জানান এবং আগামীতেও আরো বিভিন্ন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌর এলাকার ১, ২ ও ৩নং ওর্য়াডের ২ শত ৯টি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ ৮ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দরা।