॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করে মারিশ্যা জোন ২৭ বিজিবি।
সোমবার (১০ আগস্ট) বিজিবি’র পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত রবিবার (৯আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে, নায়েব সুবেদার মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা উপজেলাধীন মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় সেগুন কাঠ ৪৪৯.৮৮ ঘনফুট ও গামারী কাঠ ২১.৬৫ ঘনফুট সর্বমোট ৪৭১.৫৩ ঘনফুট কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ২১ লক্ষ ২১ হাজার ৮৮৫ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
