॥ আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদমে চাকা বাস্ট হয়ে আলীকদম-লামা-চকরিয়া সড়কে মাতামুহুরি পরিবহনের একটি বাস দুর্ঘটনার ঘটেছে।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে আলীকদম কলেজ সংলগ্ন ঢালু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের ১১ জন যাত্রী গুরুতর আহত হন।
আহতদেরকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে বাস হেলপার মো. হোসেন নিহত হন।
জানা গেছে, চকরিয়া থেকে আলীকদমগামী যাত্রীবাহী বাসটি চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া আলীকদম কলেজ সংলগ্ন ঢালু এলাকায় পৌঁছলে একটি চাকা পাংচার হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার বিস্তারিত কারণ ও আহতদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আলীকদম থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা বাসটি উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পুলিশ ও হসপিটাল সূত্র এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর এস্টেশন মাস্টার মো. মনচুর আলম বলেন, তারাবুনিয়া আলীকদম কলেজ সংলগ্ন চকরিয়া গামী একটি বাস গাড়ীর চাকা ব্লাস্ট হয়ল দূর্ঘটনার শিকার হয়। এসময় বাসের ড্রাইভার ও হেলপারসহ ১১ জন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত সময়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান।
আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া বলেন, চকরিয়া থেকে আলীকদম আসার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
