পাহাড়ের দূর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছাতে অনেক চ্যালেঞ্জ-নাজমা আশরাফী

69

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পাহাড়ের দূর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছাতে অনেক চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। তিনি বলেন, দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে এনজিওগুলো কাজ করছে। তিনি দূর্গম এলাকার মানুষের যাতে সঠিক ভাবে স্বাস্থ্য সেবা পায় তার জন্য সেবাভিত্তিক এনজিওগুলোকে সিভিল সার্জনের সাথে সমন্বয় করার তাগিদ দেন।
বুধবার (২৯ জুলাই) সকালে গ্রীনহিলের আয়োজনে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেল্থ রেজিলিয়েন্স বাংলাদেশ (এমআইএইচআর) প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোবারক হোসেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা পরিষদের সদস্য নাই প্রু মারমা মেরী, আন্তর্জাতিক স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন বিষয়ক সংস্থা (জেএসআই) রাঙ্গামাটি অঞ্চলে জেলা সমন্বয়কারীবিলাস শলুক বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন, গ্রীনহিলের নির্বাহী পরিচালক জোতিন কুমার দেওয়ান। প্রতিষ্ঠামটির প্রকল্প পরিচালক সাইনু প্রু মারমা প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। প্রকল্পটির অর্থায়ন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি।
সভায় আয়োজকরা জানান, তিন পার্বত্যাঞ্চল (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান), কক্সবাজার জেলা সদর, উখিয়া, টেকনাফ উপজেলা এবং সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করছে মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেল্থ রেজিলিয়েন্স বাংলাদেশ (এমআইএইচআর)।
এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য গর্ভবতী মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা, দুর্যোগ ও জরুরি অবস্থার সময় নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। এইজন্য প্রতিষ্ঠানটি সরকারি স্বাস্থ্য কাঠামোর সাথে সমন্বয় করে দুর্গম এলাকার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি টেকসই বা শক্তিশালী করতে কাজ শুরু করেছে।
আয়োজকরা আরো জানান, রাঙ্গামাটিতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির স্বাস্থ্য উন্নয়নে ৪ কোটি, ৮৯ লাখ ২৩ হাজার ৭৮৬ টাকা বরাদ্ধ প্রদান করেছে। গ্রীনহিলের অধীনে প্রকল্পটি চলতি বছরের মার্চ থেকে শুরু হয়েছে এবং আগামী ২০২৭ সালের ৩০ জুন শেষ হবে।