॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
সাম্প্রতিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা দিয়েছে স্টার্ট ফান্ড এর অর্থায়নে গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাস্তবায়নে বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বন্যাকবলিত পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি।
বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক এস, এম, মনজুরুল হক।
এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডাইরেক্টর (সিসিএ) দোলন যোসেফ গোমেজ, ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশ এর স্টার্ট ফান্ড রেসপন্স প্রকল্পের ম্যানেজার মো. রুহুল আমিন, টেকনিক্যাল অফিসার মো.আব্দুল আজিজ, গ্রাউস এর চেয়ারম্যান মংথোয়াইচিং মার্মা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজসহ ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বন্যাকবলিত পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকে আরো দায়িত্বশীল হতে হবে। একজন সংসদ সদস্য হিসেবে আমি সার্বিক দিক তদারকি করবো মন্তব্য করে প্রধান অতিথি সংসদ সদস্য সাচিং প্রু জেরী আরো বলেন, যেকোন সংস্থা এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসতে পারে। এই কাজের মুল তদারকি অবশ্যই করবে জেলা প্রশাসন আর সরকারের প্রতিনিধি হিসেবে আমি এই কাজগুলো সার্বিক তদারকি অব্যাহত রাখবো। এসময় সংসদ সদস্য সাচিং প্রু জেরী গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রদত্ত এই অর্থগুলো ক্ষতিগ্রস্থদের সঠিকভাবে ব্যবহার করার আহবান জানান এবং আগামীতেও আরো বিভিন্ন সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌর এলাকার ১৯৩টি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ ৮ হাজার টাকা, বিশুদ্ধ খাবার পানি এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা।
