॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. হারুনুর রশীদ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. সাখাওয়াত কবির এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
সভায় কাপ্তাই উপজেলায় সিএনজি অটোরিক্সার অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে সৃষ্ট অসন্তোষ দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক পাচার ও সেবন রোধে কঠোর নজরদারি জোরদার করা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, সিএনজি সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
