॥ থানচি প্রতিনিধি ॥
আগামী ৩০ জুলাই পর্যন্ত বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস এম হাসান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেলা প্রশাসন সকল পর্যটক, স্থানীয় বাসিন্দা, নৌযান চালক এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
এদিকে গেল শুক্রবার দুপুর দিকে ১৩ জনের একটি পর্যটক দল মোটর সাইকেল যোগে ডিম পাহাড় ২১ কিলোমিটার হয়ে তিন্দুতে পৌছান। সেখান থেকে লাংলোক ঝরনা উদ্যেশে রওনা দিলে রাজা পাথর এলাকায় নৌকা ডুবে যায়। এতে অনান্যরা প্রাণ বাঁচাতে পারলেও এক পর্যটক নিখোঁজ হয়ে যায়। পরে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
