॥ মো. গোলামুর রহমান, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন বগাচতর ইউনিয়নের শিবের আগা এলাকায় অবৈধভাবে চাঁদা আদায়ের সময় রাজনগর বিজিবির অভিযানে কালেক্টর হাতেনাতে আটক।
রাজনগর ৩৭ বিজিবি জোন কমান্ডারের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়ার নের্তৃত্বে শিবের আগা এলাকায় ১টি সি টাইপ বিশেষ টহল অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জেএসএস (মুলপন্থী) কালেক্টর সুপেন চাকমা (২১) (পিতা- রাঙ্গাচুলা চাকমা) কে চাঁদার নগদ ১৯০১০ টাকা, চাঁদা আদায়ের রশিদ, একটি দেশীয় একনলা বন্দুক সদৃশবস্তুসহ আটক করতে সক্ষম হন এবং শান্তি রঞ্জন চাকমা নামের অপর একজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
জোন কমান্ডার লে. কর্নেল তাসকিন বলেন, অত্র জোন এলাকার সার্বিক আইনশৃংখলা স্বাভাবিক আছে। কোন ধরনের চাঁদাবাজি, মাদক অন্যান্য অপরাধমুলক কার্যক্রমের সুযোগ দেয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে। এলাকাবাসীর সহায়তা কামনা করেন তিনি।
আটককৃত ব্যক্তিকে লংগদু থানায় সোপর্দ করা হয়েছে। লংগদু থানা পুলিশ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মামলা রুজু করেছেন বলে নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বরজিৎ দে।
