লামায় সরকারি মাতামুহুরী কলেজের জায়গা দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

16

॥ লামা প্রতিনিধি ॥
বান্দরবান জেলার লামা উপজেলায় ৫ দফা দাবি আদায় ও সরকারি মাতামুহুরী কলেজের ২ একর জায়গা মো. সুমন ওরফে চান্দা সুমন কর্তৃক জবর দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে ‘শিক্ষার আঙ্গিনায় ভূমিদস্যুতা কেন? জেগে ওঠো লামা ছাত্র জনতা’ -এ শ্লোগানে শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ শিক্ষক আব্দুল মোনায়েম, রফিকুল ইসলাম, আক্তার কামাল, শামসুল আলম, ইয়াসির আরাফাত, মনজুর ই এলাহী ও সুমাইয়া আক্তার একাত্বতা পোষন করে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ৩০৫নং গজালিয়া মৌজার ১৭০নং হোল্ডিং এ সরকারি মাতামুহুরী কলেজের নামীয় ও ভোগদখলীয় ৫ একর জায়গা রয়েছে। এ জায়গা থেকে ২ একর জায়গা জবর দখল করে রেখেছেন মো. সুমন। এতে ঐতিহ্যবাহী সরকারি মাতামুহুরী কলেজ আজ সংকটে। এ সময় বক্তারা আরো বলেন, গত মার্চ মাস থেকে জুলাই ২০২৬ পর্যন্ত কলেজের জমি উদ্ধারের নামে আমরা কলেজ, আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ ও প্রশাসনের তামাশা দেখছি। বর্তমানে কলেজের পিঠ দেয়াালে ঠেকে গেছে। এ ঘটনায় আমরা তা নীরবে সহ্য করব না। পরে শিক্ষার্থীরা ৫টি দাবী তুলে ধরেন।
মানববন্ধনে উত্থাপিত দাবীগুলো হলো- আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারি মাতামুহুরী কলেজের জবরদখলকৃত দুই একর জমি থেকে কুখ্যাত দখলদার সুমনকে লাথি মেরে উচ্ছেদ করতে হবে এবং জমি কলেজের নিয়ন্ত্রণে বুঝিয়ে দিতে হবে। লামা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক বাদী হয়ে চাঁদাবাজ ও ভূমিদস্যু মো. সুমনকে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে অবিলম্বে গ্রেফতার করতে হবে। উদ্ধারকৃত ভূমিতে অবিলম্বে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ করে পূর্বের ন্যায় কলেজের লোগো সংম্বলিত সাইনবোর্ড ঝোলাতে হবে। এই আন্দোলনের বিরুদ্ধে যেসব মাফিয়া ও দালালেরা সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিবে, তাদের চিহ্নিত করে কড়া শাস্তি দিতে হবে। কলেজের বিপক্ষে দখলদারের ভিত্তিহীন হয়রানিমূলক কাউন্টার মামলা খারিজের ব্যবস্থা করতে হবে। কলেজের জায়গা দখলকালীন সময়ে কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দাযের করলেও দখল কার্যক্রম বন্ধ করতে না পারায় লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে শিক্ষার্থীদের সামনে জবাবদিহিতা করতে হবে।
দাবী আদায় শেষে শিক্ষার্থীরা দাবি আদায় না হলে- কলেজে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হবে মর্মে হুশিয়ারী দেন। কোনো ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা বা প্রশাসনিক কাজ চলতে দেওয়া হবে না। দখল উদ্ধার না হওয়া পর্যন্ত দখল উদ্ধারের ব্যর্থতার দায়ে কলেজ অধ্যক্ষকে তার বাসভবনে অবরুদ্ধ করা হবে ও অধ্যাপকগণকে অফিসে ঢুকতে দেওয়া হবে না। লামা-চকরিয়া প্রধান সড়কসহ উপজেলার সকল প্রবেশপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে চাকা বন্ধ করে দেওয়া হবে। প্রশাসনের কার্যালয় ঘেরাও করে আমরণ অনশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী এক ফোঁটা পানিও মুখে নেবে না বলে হুশিয়ারি করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রী ও বান্দরবান জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে লামা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, সরকারি মাতামুহুরী কলেজের জায়গা জবর দখলের ঘটনায় শিক্ষার্থীদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছেন। যথা নিয়মে স্মারকলিপিটি মাননীয় শিক্ষামন্ত্রী বরাবরে প্রেরণ করা হবে।