দুর্গম অংলাই পাড়ায় গিয়ে ২১ শিশুকে হামের টিকা, চিকিৎসাসেবা পেলেন আরও ৬২ জন

22

॥ রুমা প্রতিনিধি ॥
বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম অংলাই পাড়ায় বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ২১ জন শিশুকে হাম ও ইপিআই টিকা প্রদান করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম। একই সঙ্গে বিভিন্ন রোগে আক্রান্ত ৬২ জন নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
বুধবার (২২ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জামিলা হোসাইন চৌধুরীর নেতৃত্বে মেডিকেল টিমটি অংলাই পাড়ার উদ্দেশে রওনা হয়। দুর্গম এই এলাকায় পৌঁছাতে তাদের প্রথমে ইঞ্জিন চালিত নৌকায় প্রায় দুই ঘণ্টা এবং পরে পাহাড়ি দুর্গম পথ পায়ে হেঁটে আরও এক ঘণ্টা যাত্রা করতে হয়। দীর্ঘ তিন ঘণ্টার ভ্রমণ শেষে দুপুরে তারা অংলাই পাড়ায় পৌঁছান।
ডা. জামিলা হোসাইন চৌধুরী জানান, অংলাই পাড়ায় পৌঁছে হামে আক্রান্ত কোনো শিশুকে পাওয়া যায়নি। কারণ, আগে আক্রান্ত হওয়া শিশুরা ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। তবে পাড়ার সব শিশুকে হামের টিকাসহ নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, মেডিকেল ক্যাম্পে সর্দি, কাশি, জ্বর, শরীরব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৬২ জন সাধারণ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও প্রদান করা হয়।
বিশেষ এই মেডিকেল ক্যাম্পে মেডিকেল অফিসার ডা. জামিলা হোসাইন চৌধুরীর পাশাপাশি সহকারী ক্লিনিক্যাল মেডিকেল অফিসার ডা. অভিজিৎ তঞ্চঙ্গ্যাও উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অংলাই পাড়া প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো মেডিকেল অফিসার ও প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা সেখানে সরাসরি এসে স্বাস্থ্যসেবা প্রদান করলেন। এতে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
পাড়ার মুরব্বি মানচ্যং ম্রো বলেন, “আমাদের পাড়া প্রতিষ্ঠার পর এই প্রথম এত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এখানে এসেছেন। ভবিষ্যতেও স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত এ এলাকায় পরিদর্শনে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।”