।। সুমন্ত চাকমা, জুরাছড়ি ।।
রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলা বিশ্রামাগারের ফটকে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের খাদ্যশস্য থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ২০ কেজি করে চাল তুলে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এর আগে উপজেলা বিশ্রামাগারের হলরুমে জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বরুণ বিকাশ দেওয়ান, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, রাঙামাটি সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে কৃষিবিদ কাজল তালুকদার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, সে লক্ষ্যে জেলা পরিষদ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও জেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস দেন।
