॥ লামা প্রতিনিধি ॥
লামায় টানা বর্ষণে মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে লামা বাজারে প্রবেশ করার সাথে সাথে লামা বাজারের সহশ্রাধিক ব্যবসায়ী সেই পানিতেই দোকান পরিষ্কার করে দোকানের যাবতীয় বর্জ দোকানের সামনে পানিতে ছেড়ে দেয়। দোকানের ফেলে দেওয়া বর্জ পলিথিন, বস্তা, কার্টন ও অন্যান্য ময়লা-আবর্জনা বন্যার পানি নেমে গেলে রাস্তার উপর ময়লা গুলো আটকে ময়লার ভাগাড়ে পরিনত হয়।এতে বাজারের সড়ক গুলোতে চলাচল করতে পারছেনা বাজারে আসা লোকজন। দিন শেষে সড়ক গুলোতে আটকে থাকা ময়লা থেকে দূরগন্ধ ছড়াতে শুরু করে। এদিকে দূর্যোগ কাটিয়ে উঠতে হিমসিম খাচ্ছে লামা পৌরসভা কর্তৃপক্ষ। এদিকে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে লামা পৌরসভা বর্জ অপসারণ কাজ শুরু করে দিয়েছে।
বাজারে আসা ব্যাক্তি ও স্থানীয়দের দাবি, আটকে থাকা বর্জ শুধু রাস্তা নয় ড্রেন গুলো ভরে গেছে। এতে বাজারের ড্রেনেজ ব্যবস্থা ব্যাহত হয়ে স্বাভাবিক পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, লামা বাজারের মাছ বাজার মোড় থেকে চৌরাস্তা (গোপালবাবু মোড়) পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বাজারের আশপাশের গলির সড়ক গুলোতেও একই চিত্র দেখা গেছে।
স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, নদীর পানি দিয়ে দোকান পরিষ্কারের সময় বর্জ্য সরাসরি ড্রেনে ও সড়কে ফেলে দেওয়ায় পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়ে। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি, পরিবেশ দূষণ এবং জনভোগান্তির বাড়বে।
লামা পৌরসভার দায়িত্বরত কর্মকর্তা এজাহার উদ্দিন জানান, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে লামা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও দৈনিক বেতনে নিয়োজিত শ্রমিক দিয়ে বাজারের ময়লা পরিস্কার কাজ শুরু করে দিয়েছি। ময়লা এতো বেশি হওয়ায় ময়লা পরিস্কার করতে কয়েক দিন সময় লেগে যাবে।
এদিকে সচেতন নাগরিকদের পক্ষে সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম বলেন, লামা বাজারে পরিচ্ছন্নতা অভিযান জোরদার, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং যেসব ব্যবসায়ী প্রকাশ্যে ড্রেনে ময়লা ফেলছেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে লামা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, লামা বাজারের ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য পৌরসভা থেকে ছোট বড় ডাষ্টবিন বক্স নির্দিষ্ট স্থানে দেওয়া হলেও অধিকাংশ ব্যবসায়ী ময়লা ফেলেনা। লামায় চলমান বন্যায় ব্যবসায়ীরা বন্যার পানি দিয়ে দোকান গুলো পরিস্কার করে ময়লা গুলো দোকানের ফেলে দেয়। এ কারণে লামা বাজারে প্রতিটি রাস্তায় ময়লা আটকে আছে। আমরা বন্যার পানি নামার সাথে সাথে পৌরসভা থেকে ময়লা পরিস্কার কর্যক্রম শুরু করে দিয়েছি।
