॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকার বড়ুয়াপাড়ায় পাহাড় ধসে ৩টি বাড়ী ধসে পড়েছে। অতিবৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে এই বাড়ীগুলোতে ধসে পড়ে। ধসে পড়া বাড়ীগুলোর মধ্যে কোন লোকজন অবস্থান না করায় হতাহতের কোন ঘটনা ঘটেনি, তবে পাহাড় ধসে মাটি বাড়ীর ওপর পড়ায় ওই এলাকা এখন ঝুঁকিপূর্ণ আকার ধারণ করেছে। অবিরাম বৃষ্টি অব্যাহত থাকলে আর প্রবল বর্ষণ হলে আশেপাশে আরো কয়েকটি বাড়ী ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ৩টি বাড়ী ধসে পড়ার সংবাদ পাওয়া মাত্র প্রশাসনের পক্ষ থেকে কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে প্রশাসনের অভিযান শুরু হয়। এসময় ঝুকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৭টি পরিবারকে সরিয়ে নেয়া হয়।
অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, তথ্য অফিস, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে পাহাড়ে ঝুঁকিপূণভাবে বসবাসকারীদের দ্রুত সরে যেতে আহবান জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।
