॥ মো. গোলামুর রহমান, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলায় অসাবধানতাবশত নিজের ঘরের বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মহাজনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বেনসন চাকমা ওই এলাকার নীল কান্তি চাকমার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বেনসন চাকমা নিজের বাড়িতে বিদ্যুতের লাইনের সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটির বিষয়ে আমরা অবগত আছি। এঘটনায় অপমৃত্যু মামলা রুজুর বিষয়ে কাজ চলমান রয়েছে।
দিনমজুর এই যুবকের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং স্থানীয় মহাজনপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
